কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপি তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। যারা ভোট বানচালের চেষ্টা করছে তারা আওয়ামী লীগের দোসর বলেও মনে করেন তারা। বৃহস্পতিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা।
এ সময় বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ দাবি করেন, জামায়াতের একমাত্র উদ্দেশ্য বিএনপি ঠেকানো।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ জানান, অনির্বাচিত কেউ সংবিধান প্রণয়ন করতে পারে না, নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান সংশোধন করবে। নানা ইস্যু তৈরি করে একটি মহল ভোট বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ তার।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘তারা ইতিমধ্যেই উপলব্ধি করেছে, এই নির্বাচনে তাদের কোনো সুযোগ নেই, জনগণ তাদেরকে ভোট দেবে না। তাদের এখন একমাত্র চেষ্টা হলো বিএনপি ঠেকাও, বিএনপি যেন রাষ্ট্রক্ষমতায় না আসতে পারে। সুতরাং নির্বাচন আর দরকার নেই।
