প্রতিরোধ্য চীন কখনও কাউকে ভয় পাবে না এবং সর্বদা এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। চীনে বিজয় দিবসের অন্যতম বৃহত্তম সামরিক কুচকাওয়াজের আগে এ কথা বলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের ৮০ বছর পূর্তিতে এই আয়োজনে এবার প্রথমবারের মতো একই মঞ্চে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, শি জিনপিং ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, আজ বুধবার গাড়ি থেকে নেমে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে প্রবেশ করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এরপর প্রবেশ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই নেতার সঙ্গে কুশল বিনিময়ের পর একসাথে মঞ্চে উঠেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
এভাবেই প্রথমবারের মতো জিনপিংয়ের সঙ্গে প্রকাশ্যে হাজির হন পুতিন ও কিম। একে পশ্চিমাদের জন্য বড় বার্তা হিসেবে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা ।
