জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একই মঞ্চে জনগণের মুখোমুখি হয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের সাত সংসদ সদস্য পদপ্রার্থী। তারা নির্বাচিত হলে টেন্ডারবাজি চাঁদাবাজি দখলদারত্ব থেকে দূরে থাকার লিখিত অঙ্গীকার করেছেন
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নগরীর টাউন হল মুক্ত মঞ্চে জনতার মুখোমুখি হন প্রার্থীরা।
এ সময় উপস্থিত জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রর্থীরা। এ ছাড়া উপস্থিত জনতা গণবিরোধী, দুর্নীতিবাজ ও নারী বিদ্বেষীদের ভোট না দেওয়ার শপথ করেন। অনুষ্ঠানে এই আসনের প্রার্থীদের মধ্যে নয়জনের মধ্যে সাতজন উপস্থিত ছিলেন।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
স্বাগত বক্তব্য দেন জেলা সুজনের সাধারণ সম্পাদক আলী আহসান টিটু। আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন জেলা সুজনের যুগ্ম সম্পাদক রেজবাউল হক রানা। প্রার্থীদের অঙ্গীকারনামা পাঠ করান মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক এনামুল হক।
অতিথি ছিলেন মহানগর সুজনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শামীম আরা জাহান। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করেন হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মো. নাছির উদ্দিন।
