Search

বিশ্বকাপের টিকেট পেল ইরাক

১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপেই প্রথমবার অংশ নিয়েছিল ইরাক, ঠিক ৪০ বছর পর সেই মেক্সিকোর মাটিতেই নিজেদের প্রত্যাবর্তনের নতুন ইতিহাস লিখল তারা।

এই জয়ের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের ৪৮তম এবং সর্বশেষ দল হিসেবে নাম লেখাল পশ্চিম এশিয়ার এই দেশ। উত্তর আমেরিকার তিন দেশে যৌথভাবে অনুষ্ঠিতব্য এই আসরের ‘আই’ গ্রুপে স্থান পেয়েছে ইরাক।

দীর্ঘ ৪০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরাক। মঙ্গলবার (৩১ মার্চ) মেক্সিকোর গুয়াদালুপের মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় প্লে-অফের দ্বিতীয় ফাইনালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে এই ঐতিহাসিক অর্জন উদযাপনে মাতে ‘লায়নস অফ মেসোপটেমিয়া’ খ্যাত দলটি।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হয়। ম্যাচের ১০ম মিনিটে আলি আল-হামাদির গোলে লিড নেয় ইরাক। তবে বলিভিয়াও ছেড়ে কথা বলেনি; ৩৮তম মিনিটে ময়েসেস পানিয়াগুয়ার গোলে সমতায় ফেরে তারা। ১-১ ব্যবধানে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই জয়সূচক গোলের দেখা পায় ইরাক।

৫৩তম মিনিটে মার্কো ফারজির নিখুঁত ক্রস থেকে গোল করে দলের জয় ও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেন তারকা স্ট্রাইকার আয়মান হোসেন। বল দখল ও আক্রমণে বলিভিয়া কিছুটা এগিয়ে থাকলেও ইরাকের লড়াকু মানসিকতা ও নিখুঁত ফিনিশিং তাদের শেষ পর্যন্ত জয়ী করে।

১৬ জুন বোস্টনের ফক্সবোরোতে নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইরাকের বিশ্বকাপ অভিযান। এরপর ২২ জুন ফিলাডেলফিয়ায় তারা ফ্রান্সের মুখোমুখি হবে এবং ২৬ জুন টরন্টোতে সেনেগালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে।

Facebook
Twitter
LinkedIn