দীর্ঘ দুই দশক পর আজ শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে ইলিশের বাড়ি চাঁদপুরে উৎসবের আমেজ বিরাজ করছে। সফরে প্রধানমন্ত্রী জেলার সেচ সুবিধার জন্য দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখলন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন
শনিবার সকালবেলা রাজধানী ঢাকা থেকে কুমিল্লা হয়ে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। চাঁদপুর-কুমিল্লা সীমান্তের বরুড়া এলাকায় একটি পথসভায় তার অংশ নেওয়ার কথা রয়েছে।
দুপুরে প্রধানমন্ত্রী শাহরাস্তির উয়ারুক বাজার সংলগ্ন খোর্দ্দ খাল এবং পরবর্তীতে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বিশ্বখাল পুনঃখলন কাজের উদ্বোধন করবেন। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এই মাঠ থেকেই ভার্চ্যুয়ালি আরও ২১টি জেলায় এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করবেন সরকারপ্রধান। সফর শেষে চাঁদপুর ক্লাবে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে প্রতিনিধি সভায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে গত কয়েক দিন ধরেই চাঁদপুরে আনন্দ মিছিল ও শোডাউন করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।



