ফেনীতে আবাসিক ভবনের ৫ম তলায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। শুক্রবার মধ্যরাতে শহরের শহিদ শহিদুল্লা কায়সার সড়কে হলি ক্রিসেন্ট স্কুলের পিছনের সরু গলির ভিতরে শফি ম্যানসন নামের একটি ছয় তলা ভবনের ৫ম তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উড়ে গেছে ঘরের দরজা-জানালাসহ সব আসবাবপত্র। রহস্য উদঘাটনে কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ওই ফ্লোরের বাসিন্দা সৌদি প্রবাসী মাহবুব ইসলামের স্ত্রী মেহেরুন নেছা লিপি এবং তার দুই মেয়ে মরিয়ম ইসলাম ও হাফসা ইসলাম। মরিয়ম সরকারি জিয়া মহিলা কলেজের একাদশ শ্রেণিতে ও হাফসা স্থানীয় হলি ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাদের তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তবে শনিবার সকাল পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি।



