বৃষ্টি আর আলোকস্বল্পতার কারণে প্রথম দুই দিনে খেলা হয়েছে মাত্র ৮৬ ওভার। তৃতীয় দিনে তো এক বলও মাঠে গড়ায়নি। সাউদাম্পটন টেস্টের চতুর্থ দিনটা অবশ্য কোনো বাধা ছাড়াই শুরু হলো। ২২৩/৯ নিয়ে খেলতে নামা পাকিস্তান ৩২ বল টিকতে পারলো মাঠে। আর ১৩ রান যোগ করে প্রথম ইনিংসে তারা অলআউট হয়েছে ২৩৬ রানে। শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছেন মোহাম্মদ রিজওয়ান। ১৩৯ বলে ৭ বাউন্ডারিতে ৭২ রানের লড়াকু ইনিংস উপহার দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। দলের পক্ষে এটিই সর্বোচ্চ ইনিংস। ওপেনার আবিদ আলী ৬০ ও বাবর আজম করেছেন ৪৭ রান।


