দেশে জঙ্গি তৎপরতা নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ফ্যাসিবাদী আমলে জঙ্গি ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিভিন্ন স্থাপনায় সম্ভাব্য নাশকতার বিষয়ে সতর্কতা নিয়েও, পুলিশ সদর দপ্তর থেকে কোনো চিঠি পাঠানো হয়নি।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে, বাহিনীটির ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠান শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ অবদানের জন্য ৪ ক্যাটাগরিতে ১৪ জনকে পদক দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পাঁচ হাজার সদস্যের এ বাহিনীতে জনবল দ্বিগুণ করার পাশাপাশি এর আধুনিকায়নে কাজ করছে সরকার।
বাহিনীটির মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক জানান, নৌপথে চোরাচালান ও দস্যুতা রোধ এবং মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড নিরলস কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকরা, সম্প্রতি জঙ্গি ইস্যুতে পুলিশ সদর দপ্তরের একটি চিঠি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন। তবে, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এ চিঠির কথা অস্বীকার করেন মন্ত্রী। দেশে জঙ্গি তৎপরতা থাকার বিষয়টিই নাকচ করে দেন সালাহউদ্দিন আহমদ।



